ফুটবল

সালাহর শূন্যস্থান পূরণে লিভারপুলের ভরসা ১৭ বছরের ইংল্যান্ডের এনগুমোহা!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিভারপুলের কিংবদন্তি মোহাম্মদ সালাহর বিদায়ের পর অ্যানফিল্ডের ডান উইংয়ে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণের দায়িত্ব বর্তাতে পারে ১৭ বছর বয়সী বিস্ময়বালক রিও এনগুমোহার কাঁধে। ২৫৭ গোল ও ৯টি ট্রফি জিতে 'মিশরীয় রাজা' ক্লাব ছাড়ার পর তার শূন্যস্থান পূরণে লিভারপুল চড়া মূল্যে নতুন কোনো খেলোয়াড় কেনেনি।

ফলে চেলসির অ্যাকাডেমি থেকে আসা তরুণ এনগুমোহার সামনে এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। তবে ক্লাবের সাবেক তারকারা মনে করছেন, সালাহর উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে এনগুমোহাকে তার খেলার ধরনে বেশ কিছু পরিবর্তন আনতে হবে।

 

২০২৫-২৬ মৌসুমে দারুণ পারফর্ম করে নজর কাড়েন এনগুমোহা। ফরাসি তারকা মাইকেল ওলিসের দলবদল নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন বায়ার্ন মিউনিখও তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে বুন্দেসলিগায় না গিয়ে লিভারপুলের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে অপরিহার্য করে তোলার পথেই হাঁটছেন তিনি। গত মৌসুমে সাধারণত বাম প্রান্তে খেললেও, সালাহর বিদায়ে এখন তাকে ডান উইংয়ে মানিয়ে নিতে হবে। সম্প্রতি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সিনিয়র দলের হয়ে ডান উইংয়ে অভিষেক ম্যাচে তিনি নিজের সামর্থ্যের দারুণ প্রমাণও রেখেছেন।

 

লিভারপুলের সাবেক স্ট্রাইকার এমিল হেসকি মনে করেন, এই তরুণ উইঙ্গার সালাহর জায়গা নিতে সক্ষম হলেও তাকে লেফট উইঙ্গার থেকে রাইট উইঙ্গারে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। 

 

তিনি জানান, এনগুমোহার ড্রিবলিং ক্ষমতা প্রতিপক্ষের খেলোয়াড়দের টেনে এনে ফাঁকা জায়গা তৈরি করতে পারে, যা দলের জন্য অত্যন্ত কার্যকর। তবে তিনি সতর্ক করে এ-ও বলেছেন যে, সালাহ লিভারপুলকে যে পরিমাণ গোল এনে দিয়েছেন, শুরুতেই এই তরুণের কাছ থেকে সেই একই সংখ্যক গোল আশা করা ঠিক হবে না।

 

অন্যদিকে, অ্যানফিল্ডের আরেক সাবেক তারকা জন বার্নস তরুণ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ কমানোর পরামর্শ দিয়েছেন। তার মতে, এনগুমোহার এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত দলে নিয়মিত সুযোগ পাওয়া এবং ধীরে ধীরে নিজেকে বিকশিত করা। বার্নস জোর দিয়ে বলেন, কেবল ড্রিবলিং করে পাঁচজনকে কাটিয়ে যাওয়াই যথেষ্ট নয়, বরং চূড়ান্ত ফলাফল অর্থাৎ গোল করা বা গোলে সহায়তা করার ওপরই তার মূল্যায়ন হওয়া উচিত।

 

ইউরো ২০২৮-এর জন্য টমাস টুখেলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত এই তরুণ লিভারপুলের ২০২৬-২৭ মৌসুমের প্রাক-প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে রবিবার সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। গ্রীষ্মকালীন দলবদলে বেশ কিছু পরিবর্তন আসা নিউক্যাসল স্কোয়াডের বিপক্ষে এই ম্যাচটি এনগুমোহার জন্য নিজেকে প্রমাণের আরেকটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: ইয়াহু স্পোর্টস

 

ডিবিসি/এমএমকে

 

আরও পড়ুন