বাংলাদেশ, জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সালিশে দুই পক্ষের মারামারিতে একজন নিহত, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

গত রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার সেলিনাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আউয়ালের সঙ্গে স্থানীয় কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে পুনরায় সালিশি বৈঠক শুরু হয়। তবে দীর্ঘ আলোচনার পর কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান তার সঙ্গীদের নিয়ে বাড়ির পথে রওনা দেন।

 

ফেরার পথে ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আনিসুর রহমানের পক্ষ প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আনিসুর রহমান।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন