আন্তর্জাতিক, ভারত

সিকিমে তিস্তা বিদ্যুৎকেন্দ্রের টানেলে মিথেন গ্যাস বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে নির্মাণাধীন একটি টানেলে গ্যাস বিস্ফোরণের পর ধস নেমে অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবারের এই ঘটনায় এখনও ১১ জন শ্রমিক টানেলের ভেতরে আটকে আছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, টানেলের প্রায় দেড় কিলোমিটার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভেতরে মোট ২৭ জন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে মাত্র দুইজন বিস্ফোরণের পর নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

 

রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) তিস্তা নদী থেকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের টারবাইনে পানি নেওয়ার জন্য টানেলটি নির্মাণ করছিল। এনএইচপিসি ও সিকিম সরকার জানিয়েছে, পাথরের ভেতরে আটকে থাকা মিথেন গ্যাস হঠাৎ নির্গত হয়ে কোনোভাবে আগুনের সংস্পর্শে আসায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সেখানে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে।

 

পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, যারা সিকিম, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং আসামের বাসিন্দা। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এনডিআরএফ জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট ২০০ মিটারের একটি অংশে জোর উদ্ধারকাজ চালানো হচ্ছে, যেখানে বাকি শ্রমিকরা আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছেন। বিশেষজ্ঞদের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন