ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি ও রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
দলীয় সূত্র জানায়, আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে তারেক রহমান রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসভবনে পৌঁছান। সেখানে দুই নেতার মধ্যে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ের পর ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে জাতীয় ঐক্য বজায় রাখার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎকে দেখা হচ্ছে।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। উভয় স্থানেই তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে সমন্বয় ও সংহতি প্রকাশের লক্ষ্যেই তারেক রহমানের এই সফরগুলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের নিয়ে তাদের বর্তমান আসন সংখ্যা ২১২। নির্বাচন কমিশন গত শুক্রবার রাতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর বিকেলেই বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
ডিবিসি/এসএফএল