বাংলাদেশ, জেলার সংবাদ

সিরাজগঞ্জে এমপিওভুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মাদক নেওয়া ভাইরাল প্রধান শিক্ষককে

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মান্থলি পে অর্ডার বা বেতন-ভাতার সরকারি অংশ) স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়।

 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ করতে এবং অসংলগ্ন কথা বলতে দেখা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পরপরই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

 

এই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছে, প্রধান শিক্ষকের এ ধরনের আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুলশিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল। এই কারণেই তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন