সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির পেছনের কাঁচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করেছেন এমপি আয়নুল হক।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম জানান, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে। এটি স্থাপনের জন্য কয়েকটি এলাকার জোরালো দাবি থাকায় স্থান নির্ধারণের বিষয়ে আলোচনার জন্য শনিবার বিকেলে ধানগড়া বাজারে পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়নুল হক।
শামসুল ইসলাম অভিযোগ করে বলেন, সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। তারা সভার শুরুতেই ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতিতে সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহূর্তে আচমকা তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল