সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া এলাকায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) জুমার নামাজের আগে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি গঠন ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের আগে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদেরসহ অন্যান্য আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, মসজিদ কমিটি ও ঈদের মাঠকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল