সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ক্লাসরুমে আরাফাত আমিন তমাল নামের এক ছাত্রের পায়ে গুলি করার অপরাধে কলেজের প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ ওই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, রায়হান শরীফ একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ও শিক্ষক হওয়া সত্ত্বেও পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন এবং অত্যাধুনিক ছোরা-চাকু নিজের হেফাজতে রাখতেন। শুধু তাই নয়, তিনি নিয়মিত এগুলো কর্মস্থলে বহন করতেন এবং ছাত্রজীবন থেকে শুরু করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরও সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ তৎকালীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) একাডেমি ভবনের চতুর্থতলায় ক্লাস চলাকালীন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডা. রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। এতে তমাল গুরুতর আহত হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছে ডা. রায়হান শরীফকে আটক করে এবং তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করে। পরবর্তীতে এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেছিলেন।
ডিবিসি/পিআরএএন