সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি নিহত সুজনের স্ত্রী বর্তমানে পলাতক রয়েছেন।
সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির। এছাড়া এই মামলায় অপর দুইজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকীয়ার জেরে নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে হত্যা করেন তার স্ত্রী উম্মে জামিলা তিথি। ঘটনার পর তিনি পালিয়ে যান। পরে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দু'জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। আদালতের রায়কে কেন্দ্র করে সিরাজগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছে।
ডিবিসি/এমএনকে