সিরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাইকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। ১৪ বছরের গৃহযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। এ সংঘাতের কারণে প্রায় অর্ধ মিলিয়ন (পাঁচ লাখ) মানুষের মৃত্যু হয়েছিল।
একই মামলায় আসাদের খালাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারায় কঠোর দমন-পীড়ন চালানোর অভিযোগে তাঁকে এ শাস্তি দেওয়া হয়, যা থেকেই পরবর্তীতে দেশজুড়ে গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। রায় ঘোষণার সময় আতেফ নাজিব কড়া নিরাপত্তার মধ্যে কয়েদির পোশাক পরে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে নিলে বাশার আল-আসাদ ও তাঁর ভাই মাহের আল-আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। পরবর্তীতে আটক হওয়া আতেফ নাজিবকে বিচারে মুখোমুখি করা হয়, যিনি সাবেক সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা ও দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।