আন্তর্জাতিক

সিরিয়াকে সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’-এর তালিকা থেকে বাদ দিয়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে এটি সহায়তা করবে বলে জানিয়েছে সিরিয়া। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই কংগ্রেসে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানোর পর ৪৫ দিনের কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষে সোমবার এই সিদ্ধান্ত কার্যকর হয়। ১৯৭৯ সাল থেকে সিরিয়া এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে সিরিয়াকে পুরোপুরি দূরে রাখার বিষয়ে দেশটির বর্তমান নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ ও প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সিরিয়া তার বেদনাদায়ক অতীত পেছনে ফেলে উন্নয়ন, পুনর্গঠন ও নতুন নির্মাণের পথে পা বাড়াচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে সিরিয়ার ওপর থেকে বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা রপ্তানি এবং আর্থিক লেনদেনের বহু দশকের নিষেধাজ্ঞা ও বাধার অবসান ঘটল। এর মাধ্যমে সিরিয়া বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় পুনরায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফওয়াত রাসলান এবং অর্থমন্ত্রী মোহাম্মদ বার্নিহ।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন