ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মঙ্গলবার সিরিয়ার কুনেইত্রা শহরের কাছে ঘটা ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বলেছেন , সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে।
কুনেইত্রার গ্রামীণ অঞ্চলে ইসরায়েলি সেনা চৌকির কাছাকাছি সিরিয়ান নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ব্যক্তিদের আনাগোনার ভিডিও মঙ্গলবার ছড়িয়ে পড়ার পর প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এই মন্তব্য করেন। তেল আবিব এই কার্যকলাপকে নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে, যদিও ঐ এলাকায় বছরের পর বছর ধরে ইসরায়েলি আক্রমণ, অনুপ্রবেশ এবং সিরিয়ার সার্বভৌমত্বের উপর অব্যাহত লঙ্ঘন দেখা গেছে।
হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েলি সেনা ইউনিট এবং সিরিয়ার বেসামরিক নাগরিকদের মধ্যে কুনেইত্রায় এই উত্তেজনা বৃদ্ধির ঘটনাটি ঘটেছে ঠিক তখনই, যখন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সেখানে একটি সরেজমিন পরিদর্শনে ছিলেন।
সংবাদপত্রটি অনুসারে, ওয়াল্টজ এবং ড্যানন পরিদর্শনের সময় সুরক্ষামূলক পোশাক পরে ওল্ড কুনেইত্রায় প্রবেশ করেন এবং পরিস্থিতির একটি মাঠ পর্যায়ের মূল্যায়ন করেন। যখন তারা তাদের যানবাহনে ফিরছিলেন, তখন একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। একটি সশস্ত্র কনভয় পাশ দিয়ে যাওয়ার পর গোলযোগ এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে; ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে এর সাথে ইসলামিক জিহাদের একজন সদস্যকে গ্রেপ্তারের চেষ্টার বিষয়টি জড়িত ছিল।
সংবাদপত্রটি আরও বলেছে যে দুই রাষ্ট্রদূত সরাসরি এই ঘটনার সাক্ষী ছিলেন না, তবে তারা যেখানে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ছিলেন।
তথ্যসূত্র মিডল ইস্ট মনিটর
ডিবিসি/এমইউএ