সিরিয়ার নতুন প্রশাসনকে তাদের গঠনমূলক প্রস্তাবনা অনুযায়ী দেশ শাসন করার সুযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। তিনি আরও বলেন, বিদ্রোহী নেতারা যদি চান তাহলে তারা সিরিয়ার সেনাদের সামরিক প্রশিক্ষণ দিতে রাজি আছেন।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এর আগে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়েছে যারা গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে। এরইমধ্যে তুরস্ক শনিবার দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে।
বিদ্রোহী গোষ্ঠীর দেয়া প্রথম বিবৃতিতে, নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে তারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে যথাযথ সম্মান করবে।
রবিবার আঙ্কারায় সাংবাদিকদের গুলার আরও বলেন, আমরা মনে করি যে নতুন প্রশাসনকে সুযোগ দিলে তারা কী করতে পারে তা আমাদের দেখা উচিত।
তুরস্ক সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কিনা জানতে চাইলে গুলার বলেন, আঙ্কারা ইতিমধ্যেই অনেক দেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি করেছে। তিনি বলেন, যদি নতুন প্রশাসন অনুরোধ জানায় তাহলে তারা প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত।
২০১৬ সাল থেকে, তুরস্ক তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে উত্তর সিরিয়ায় চারটি সামরিক অভিযান চালিয়েছে।
এ বিষয়ে গুলার আরও যোগ করেন, আঙ্কারা সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা ও পুনর্মূল্যায়ন করতে পারে যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়।
এর আগে আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে পুনর্গঠন করতে বেশ কয়েকটি প্রস্তাবনাসহ একটি গঠনমূলক পরিকল্পনা পেশ করে দেশটির নতুন প্রশাসন।
ডিবিসি/ এসএসএস