দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানও। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
শনিবার (২ মে) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।
সকাল ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন।
বিকালে খেলাধুলা ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে তিনি ঢাকায় ফিরে যাবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কেও সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং প্রয়োজনীয় সাজসজ্জার কাজ জোরেশোরে এগিয়ে চলছে।
ডিবিসি/কেএলডি