সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) জুমআর নামাজের পর চকেরবাজার তৈয়ব ছয়লানি মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষ ঘটে।
এতে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ালে চণ্ডীপুল-বালাগঞ্জ সড়কে যান চলাচল কিছু সসয়ের জন্য বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, মাজারের ওয়াকফ এস্টেটের পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি ওয়াকফ প্রশাসকের গঠিত কমিটি নিয়ে উচ্চ আদালতে রিট হলে আদালত কমিটি বহাল রাখেন। এ নিয়ে দুপুরে দুইপক্ষের মধ্যে ফের বিবাদ শুরু হলে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানায় থানা পুলিশ।
ডিবিসি/এসডব্লিউএন