সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে পানিতে নেমে তলিয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শান্ত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ছাত্র ছিলেন।
জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে বিছানাকান্দি ভ্রমণে গিয়েছিলেন শান্ত। একপর্যায়ে আরও দুইজনের সঙ্গে তিনি পানিতে নামেন এবং কিছুক্ষণ পর নিখোঁজ হন। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে স্থানীয় ডুবুরিরা দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়েও শান্তকে খুঁজে না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
ডিবিসি/আরএসএল