জেলার সংবাদ

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এক বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে নগরের আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় এ অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগের সত্যতা পেয়ে খাসদবির এলাকার রূপালী বিস্কুট বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিস্কুট বানানোর লাইসেন্স নিয়ে বেকারিতে অন্যান্য পণ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল।


এরপর বাদামবাগিচা এলাকার প্রেসিডেন্ট হোমমেড বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ উপকরণের ব্যবহার, অগ্রিম তারিখের লেবেলিং ব্যবহার, পণ্যে লেবেলিং না থাকাসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির প্রমাণ মেলে। মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অনুপস্থিত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।


স্থানীয়দের অভিযোগ, খাবার তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি না থাকায় অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন