জেলার সংবাদ

সিলেটে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা

সিলেট ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বুধবার (১৩ মে) রাত ১০টায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুদূর এগিয়ে শিববাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। বিপদের আশঙ্কা টের পেয়ে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।

সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই রেলের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনের ইঞ্জিন। আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ২০ মিনিট পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রেল কর্তৃপক্ষ আরও জানায়, আগুনের কারণে ইঞ্জিনের কোনো স্থায়ী ক্ষতি হয়নি।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সারের কাছে কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ চলাচলের ফলে সাইলেন্সার অতিরিক্ত গরম হয়ে গেলে সেই কাপড়ে আগুন ধরে যায়। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন