সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির নিহত ফাহিমার প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা। সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু ফাহিমার ওপর যৌন নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেন জাকির। এরপর নিজের স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে একটি ব্যাগে ভরেন তিনি। পরে সেই ওড়নাসহ ব্যাগটি বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেন। গত শুক্রবার সেই ডোবা থেকেই ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা রাইসুল হকের মেয়ে। পেশায় দিনমজুর রাইসুল হক স্থানীয় বাজারের একটি দোকানে কাজ করেন। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
এদিকে, জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গভীর রাত পর্যন্ত জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। একপর্যায়ে মধ্যরাতে বিক্ষুব্ধ এলাকাবাসী জাকিরের বাড়িতে হামলাও চালান।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে থানা হাজতে রাখা হয়েছে।
ডিবিসি/পিআরএএন