সিলেটে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন র্যাব-৯ এর কর্মরত এক সদস্য।
আজ শুক্রবার দুপুরে মহানগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য্য র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
র্যাব-৯ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার কিনব্রিজ সংলগ্ন এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে অভিযান পরিচালনার সময় হামলার শিকার হন ইমন আচার্য্য। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসিইউ-২ তে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইমন আচার্য্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।
র্যাব-৯ এর অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী জানান, ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত আসাদুল আলম বাপ্পি (২২) নামে ওই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ডিবিসি/ এইচএপি