সিলেট রেলস্টেশন এলাকায় অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ ও কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১১টার দিকে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ট্রেনের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলস্টেশন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের সহায়তায় ওই দুই আরএনবি সদস্যকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট ক্রয় ও ডাউনলোড করে তা বিভিন্ন স্থানে চড়া দামে কালোবাজারে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/হাদী