সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিক। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সোয়া ৫টার দিকে ১০-১১ জনের একটি বন্ধুদলের সাথে পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
নিখোঁজ শান্ত বিশ্ববিদ্যালয়টির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী এবং তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বিছানাকান্দির স্বচ্ছ জলে সাঁতার কাটতে নামেন শান্ত ও তার বন্ধুরা। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ পাহাড়ি ঢল নামলে পানির স্রোত তীব্রতর হয়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত পানিতে তলিয়ে নিখোঁজ হন।
তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা নৌকা নিয়ে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
এদিকে উদ্ধার কাজে ধীরগতির অভিযোগ তুলেছেন পিএমই বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিদ রহমান অপূর্ব। তিনি জানান, ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও ডুবুরি দল বা প্রশাসনের কার্যকর সহযোগিতা দ্রুত পৌঁছায়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে জানিয়েছে, খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, রাস্তা খারাপ হওয়ার কারণে উদ্ধারকারী দলের পৌঁছাতে কিছুটা দেরি হলেও ডুবুরি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান রাত সাড়ে ৮টায় জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ ও ডুবুরি দলের তল্লাশি অব্যাহত রয়েছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশক অধ্যাপক সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থলে অবস্থান করছে।
ডিবিসি/টিবিএ