গবেষণা অনুযায়ী, প্রায় একশ ত্রিশ বছর পর সিলেট অঞ্চলে নতুন করে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে।
১৮৯৭ সালের ১২ই জুন 'বড় ভৈশাল' নামে পরিচিত ভয়াবহ ভূমিকম্পের পর, ২০২১ সালে একদিনে ৭ বারসহ গত কয়েক বছরে অর্ধশতাধিকবার কেঁপে উঠেছে সিলেট। ফায়ার সার্ভিস বলছে, সিলেটে উচ্চমাত্রার ভূমিকম্প ঝুঁকি থাকলেও বিপর্যয় রোধে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই।
নগরীর বর্ধিত পনেরোটি ওয়ার্ডের জন্য এখনো কোনো মাস্টারপ্ল্যান বা পরিকল্পনা গৃহীত হয়নি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে ফায়ার সার্ভিস বিল্ডিং কোড মেনে চলার এবং শহরের সড়ক প্রশস্ত করার পরামর্শ দিয়েছে।
অন্যদিকে, স্থপতি রাজন দাশ এবং পরিকল্পনাবিদ তানভীর হোসেনের মতে, উন্নত বিশ্বের তুলনায় সিলেটের সক্ষমতা অনেক কম এবং কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। ঝুঁকিপূর্ণ অনেক ভবনে বছরের পর বছর ধরে কার্যক্রম চলছে। নগরবাসী নিরাপদ নগর গড়তে দ্রুত পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
ডিবিসি/এএমটি