সিলেটে একটি অভিনব কায়দায় মসজিদের দানবাক্স চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৪৬ মিনিটের সময় সাদা একটি প্রাইভেট কার মাদ্রাসার দানবাক্সের সামনে গিয়ে থামে। গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রথমে এক যুবক সেখান থেকে বের হয়। এর কিছুক্ষণ পর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক গাড়ি থেকে নেমে আসে।
এক পর্যায়ে তারা দু’জনে মিলে ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা খুলে ভেতরের কিছু টাকা নিয়ে গাড়িতে ওঠে। ওই সময় একটি মোটরসাইকেল তাদের পাশ দিয়ে চলে যেতেও দেখা যায়। মোটরসাইকেলটি পার হওয়ার পর আবারও একজন গাড়ি থেকে নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে তৎক্ষণাৎ গাড়িতে উঠে দ্রুত ওই স্থান ত্যাগ করে।
এদিকে এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত একই রাতে একই কায়দায় ওই এলাকার আরও কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিষয়টি তাদের নজরে এসেছে। এই ঘটনায় কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে দুইজন সাব-ইন্সপেক্টরসহ পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ শুরু করেছে।
ডিবিসি/টিবিএ