সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়ক থেকে ইট তুলে নেওয়ার অভিযোগে উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর যুব জামায়াতের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী রয়েছেন।
বৃহস্পতিবার (মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধার এবং এই ছয়জনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন মাহফুজুল ইসলাম চৌধুরী। তবে পরবর্তীতে তাঁর বাড়ি থেকেই সরকারি প্রকল্পের ইট উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কারের কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদ্রাসার মাঠে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী কিছু ইট সরিয়ে মাঠে রাখা হলেও পরবর্তীতে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারি প্রকল্পের ওই সড়ক থেকে রাতের অন্ধকারে প্রায় ১৫ লাখ ইট তুলে নেওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পরদিন বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী নামের একজন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে, স্থানীয় জামায়াত নেতারা বলছেন, মাহফুজ উদীয়মান সমাজকর্মী হিসেবে ইট বণ্টনে নেতৃত্ব দিয়েছেন।