বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে শীতের আমেজে বাড়ছে পর্যটক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৯শে নভেম্বর ২০২৫ ০৯:৩৯:১২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চায়ের দেশ সিলেটে এখনও হাড়কাঁপানো শীত না পড়লেও কুয়াশার চাদর আর হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোরবেলা চা-বাগানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু আর নবোদিত সূর্যের আলোয় এক অকৃত্রিম স্নিগ্ধতা বিরাজ করছে প্রকৃতিতে। শীতের এই শুরুতেই পর্যটন নগরী সিলেটে ভিড় জমাতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা।

শহরের যান্ত্রিকতা ভুলে একটু শান্তির নিঃশ্বাস নিতে অনেকেই ভোরে চা-বাগানগুলোতে ভিড় করছেন। সাইক্লিং বা প্রাতঃভ্রমণে বের হওয়া তরুণ-তরুণীদের হাতে দেখা যাচ্ছে ধোঁয়া ওঠা চায়ের কাপ। স্থানীয়রা জানান, খুব বেশি শীত না থাকলেও ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

 

শহরের অদূরে টুকেরবাজারে বসেছে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজির জমজমাট হাট। টাটকা সবজি কিনতে ক্রেতারা দূর-দূরান্ত থেকে আসছেন। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা মনে করেন, শীতকে কেন্দ্র করে সিলেটের কৃষি ও পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। সব মিলিয়ে শীতের আগমনে উৎসবমুখর হয়ে উঠছে সিলেট।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন