সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিন শিশুর মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজনের বাড়ি সুনামগঞ্জে এবং বাকি দুজনের বাড়ি যথাক্রমে সিলেট ও হবিগঞ্জে।
এদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ ও হবিগঞ্জের দুই শিশু এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সুনামগঞ্জ ও সিলেটের আরও দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা হাসপাতালে স্থানীয় আরও এক শিশু মারা যায়।
নতুন এই পাঁচজনসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে মোট ২৮৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
ডিবিসি/টিবিএ