বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেটে ১২৬ তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিবাহ সম্পন্ন

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে অত্যন্ত বর্ণিল, উৎসবমুখর ও রাজকীয় আয়োজনে সম্পন্ন হলো সুবিধাবঞ্চিত, এতিম ও অসচ্ছল ১২৬ জন তরুণ-তরুণীর গণবিবাহ। অর্থাভাবে দীর্ঘ দিন আটকে থাকা এসব বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন পূরণ করল স্থানীয় ও প্রবাসী মানবিক সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেটের একটি কনভেনশন হলে এই বিশাল আনন্দ উৎসবের আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, বিয়ে হওয়া এই তরুণ-তরুণীরা প্রাপ্তবয়স্ক হলেও চরম দারিদ্র্যের কারণে সামাজিক ও ধর্মীয় বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না। তাদের জীবনকে নতুন রূপ দিতে এবং একটি স্বাবলম্বী সংসার উপহার দিতে এগিয়ে আসে স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’।


পুরো আয়োজনের নেপথ্যে অর্থায়ন করেছে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন ‘সিডস অব সাদাকাহ’। আভিজাত্যে কোনো ঘাটতি ছিল না এই বিয়ের আয়োজনে; সম্ভ্রান্ত পরিবারের বিয়ের মতোই ছিল খাবারের মেন্যু, সাজসজ্জা এবং অতিথি আপ্যায়ন। নবদম্পতিদের নতুন সংসার গুছিয়ে দিতে উপহার হিসেবে দেওয়া হয় প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের গৃহস্থালি সামগ্রী।


অনুষ্ঠানে সিডস অব সাদাকাহ’র প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো এবং তাদের জন্য স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই বর্ণাঢ্য আয়োজন সেই লক্ষ্যেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


আয়োজকদের অন্যতম ওরকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই মানবিক সহায়তা ও পাশে দাঁড়ানো তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে বলে আমরা বিশ্বাস করি।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সিলেট প্রেসক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন। তিনি বলেন, এমন মানবিক আয়োজন সমাজের বিত্তবানদের জন্য বিশেষ বার্তা বহন করে। সদিচ্ছা ও সামর্থ্যের সঠিক সম্মিলন ঘটলে একটি মানবিক সমাজ গঠন করা যে সম্ভব, এই আয়োজন তাই প্রমাণ করে।


সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন