সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে পৌঁছে গেল রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে নাজমুল হোসেন শান্তর দল মেহেদী হাসান মিরাজদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম। এলিমিনেটরে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জেতানো ক্রিস ওকস এবার শেষ ওভারে ২৪ রানের সমীকরণ মেলাতে পারেননি, ফলে থামতে হলো সিলেটের বিপিএল যাত্রা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সিলেট ১৫৩ রানের বেশি তুলতে পারেনি। শুরুতে দুই উইকেট হারানোর পরও পারভেজ হোসেন ইমন এবং স্যাম বিলিংস ৬৯ রানের জুটি গড়ে সিলেটকে জয়ের পথেই রেখেছিলেন।
তবে ৪৮ রানে ইমনের রানআউটের পর মঈন আলীও ব্যর্থ হন। একপ্রান্ত আগলে রাখা বিলিংস তাড়াহুড়ো করতে গিয়ে ৩৭ রানে আউট হলে চাপে পড়ে সিলেট। আফিফ হোসেন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে জয়ের ইঙ্গিত দিলেও ২১ রানে বিদায় নেন। এরপর মিরাজ ১৩ বলে মাত্র ৯ রান করে আউট হলে দল আরও বিপদে পড়ে। শেষ ৫ ওভারে জয়ের জন্য ৪৭ রান এবং শেষ ওভারে ২৪ রান প্রয়োজন হলেও ক্রিস ওকস ও নাসুম আহমেদ তা নিতে ব্যর্থ হন।
এর আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর দুই ওপেনার তানজিদ তামিম ও সাহেবজাদা ফারহান শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন। দলীয় ৪১ রানে ফারহান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী এবং ৮০ রানেই ৫ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। তবে অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও জিমি নিশাম ৭৭ রানের জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন। নিশাম ৪৪ রানে আউট হলেও উইলিয়ামসন ৪৫ রানে অপরাজিত থাকেন।
ডিবিসি/কেএলডি