বাংলাদেশ, জেলার সংবাদ

সিলেট-৫ : নির্বাচন থেকে সরে গেলেন জাপার প্রার্থী সাব্বির আহমদ

শাবিপ্রবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা জানুয়ারী ২০২৪ ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেট–৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সিলেট জেলা জাপার আহ্বায়ক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সাব্বির আহমদ।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে মোহাম্মদ সাব্বির আহমদ বলেন, গত ৩০ ডিসেম্বর সিলেট সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেও নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা যায়নি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার এবং নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিল, কিন্তু আমরা নির্বাচনি মাঠে সেই রকম কোনো পরিবেশ পাচ্ছি না, তাই নির্বাচন করা খুবই কঠিন।

নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরও অভিযোগ দিয়েছেন বলে জানান জাতীয় পার্টির এ প্রার্থী।

সিলেট-৫ আসনের সাব্বির আহমদসহ বিভাগে এ পর্যন্ত জাতীয় পার্টির তিনজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অন্যরা হলেন- সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আবদুল মান্নান তালুকদার ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর পাল।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন