ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বা সীমানা নির্ধারণ করা ভারতের একান্তই অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, প্রতিবেশী দেশের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলে না।
সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার ঘোষণা করেছে যে, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ-কে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ যদি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চায়, তবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। তবে সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং সরকার পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। সেখানে কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা তাদের প্রশাসনিক সিদ্ধান্ত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলে না। বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও তথ্যের বিষয়ে মন্ত্রী সতর্কবার্তা দেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সত্যতা পাওয়া যায়নি যার নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়তে পারে। স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এমন কোনো তথ্য নেই। তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
ডিবিসি/এসএফএল