স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তবুও যদি কোনো বিষয় থেকে থাকে তবে তা কূটনৈতিক ভাবে আলোচনা হবে।
এছাড়া আমাদের প্রধান উদ্বেগ হলো নিরাপত্তা এবং যেন কোনোভাবেই পুশইন না হয়। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, রাজধানীসহ সারা দেশের পশুর হাটে পুলিশ ও র্যাবের পাশাপাশি পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানির পশুর ট্রাক বা হাটে চাঁদাবাজির তথ্য সরকারের কাছে রয়েছে। এসব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ইজারা আদায় বা হয়রানির অভিযোগ জানাতে দেশবাসীকে ১৬৬১৩ হটলাইন নম্বরে কল করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট এবং রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশ সদরদপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানানো হয়। এই সেলটি ঈদের আগের ৭ দিন এবং পরের ৭ দিন (মোট ১৪ দিন) সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে।
ডিবিসি/এসএফএল