রুমমেটের মুখ সুঁই ও সুতা দিয়ে সেলাই করে দেওয়ার মতো ভয়ংকর অভিযোগে মাসাই সাকুরাই নামের ৪৯ বছর বয়সী এক নারীকে আটক করেছে জাপানের পুলিশ। সোমবার টোকিওর দক্ষিণ-পূর্বের শহর কোগা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, এই নিষ্ঠুরতার শিকার ৪২ বছর বয়সী ওই রুমমেট মুখ সেলাই করার কারণে কথা বলতে বা খাওয়াদাওয়া করতে পারছিলেন না।
পুলিশ জানিয়েছে, গত ২৯ জুন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত সাকুরাই এই নৃশংস ঘটনাটি ঘটান। ঘটনার পরদিন দুপুর দেড়টার দিকে সাকুরাইয়ের অনুপস্থিতির সুযোগে ভুক্তভোগী নারী বাসা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। মুখে একটি সাদা মাস্ক পরে তিনি দৌড়ে কাছের একটি দোকানে যান এবং সেখানকার এক কর্মচারীর হাতে ‘দয়া করে আমাকে সাহায্য করুন’ লেখা একটি চিরকুট ধরিয়ে দেন। এরপর ওই কর্মচারী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, ওই দুই নারী ২০২৫ সালের এপ্রিল মাস থেকে অভিযুক্ত সাকুরাইয়ের বাসায় একসঙ্গে বসবাস করে আসছিলেন। পুলিশ বর্তমানে এই ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে অভিযুক্ত সাকুরাই তার বিরুদ্ধে আনা এই ভয়ংকর অভিযোগ স্বীকার করেছেন কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
ডিবিসি/এফএইচআর