যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
পরিসংখ্যান বলছে, সুইসদের বিপক্ষে ৭ বারের দেখায় ৫টি জয় ও ২টি ড্র নিয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ অপরাজিত তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মঞ্চে এর আগে দল দুটির দু'বার দেখা হয়েছে, ১৯৬৬ আসরের গ্রুপ পর্বে ২-০ ব্যবধানে এবং ২০১৪ আসরের শেষ ষোলোতে মেসির জাদুকরী পাসে ডি মারিয়ার অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।
এবারের আসরে ডি মারিয়া না থাকলেও শেষ ষোলোতে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দলের কাণ্ডারি মেসি ঠিকই আছেন। চমকপ্রদ বিষয় হলো, ২০১৪ সালের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের স্মৃতি নিয়ে রোববারের লড়াইয়েও মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং সুইজারল্যান্ডের গ্রানিট জাকা ও রিকার্ডো রদ্রিগেজ।
পরিসংখ্যানের এই অজেয় রেকর্ড ধরে রেখে মেসিরা সেমিফাইনালে পা রাখতে পারেন নাকি সুইসরা নতুন ইতিহাস রচনা করে, পুরো ফুটবল বিশ্ব এখন সেই অপেক্ষাতেই রয়েছে।
ডিবিসি/আরপিডি