সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুর মিয়া (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ওই গ্রামের মৃত ছাদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত ছাদিক মিয়ার ছেলে বর সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। আজিজুল হকের নিকটাত্মীয় আনহার মিয়ার লোকজনের এই বিয়েতে অমত ছিল। এ নিয়ে বিরোধের জেরে একপক্ষকে বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। শুক্রবার দাওয়াত দেওয়া-না দেওয়া নিয়ে আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে এর জের ধরে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/আরএসএল