সুনামগঞ্জে সরকারি নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসের ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতা ও ডিলাররা পরিবহন খরচ এবং আমদানিকারকদের দোহাই দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন।
সরেজমিনে মেসার্স তাওসিফ গ্যাস হাউসের মতো ডিলার পয়েন্টগুলোতে গিয়ে দেখা যায়, দৃশ্যমান মূল্য তালিকায় সরকারি দাম থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, দায়সারা অভিযানে সুফল মিলছে না; বরং বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি জরুরি হয়ে পড়েছে।
ডিবিসি/ এইচএপি