সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন, তার স্ত্রী ফাতেমা বেগম এবং তাদের ছেলে ফরহাদ শাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজেদের বাড়ির সংলগ্ন একটি টং দোকানের সংস্কার কাজ করছিলেন তারা। সংস্কার কাজ চলাকালে অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে অনন্তপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এমএনকে