আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার আলীনগর গ্রামে ইউপি সদস্য সাহাদিপ ও মনিরের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর যাবৎ আলীনগর গ্রামের দুটি বিল ইজারা নিয়েছিলেন মনিরের পক্ষের লোকজন। তারা ৭ থেকে ৮টি গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে বিল দুটি ভোগদখল করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিল দুটির নিয়ন্ত্রণ নেন স্থানীয় ভাটিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সাহাদিপ ও তার লোকজন।
এর জেরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউপি সদস্যের লোকজন মনিরের পক্ষের লোকদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্র ও রডের আঘাতে মনিরের পক্ষের ৩০ জন এবং সাহাদিপের পক্ষের ১০ জন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/আরএসএল