সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদে রশিটান খেলা শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ব্যাটারি গল্লি ছাতক এবং সবুজ বাংলা-১ লোহারগাঁও (জগন্নাথপুর) দলের মধ্যে রশিটান খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, খেলা শেষে বিজয়ী দলের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের উদ্দেশ্যে উসকানিমূলক মন্তব্য ও ইঙ্গিত করেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে এই বিতর্ক উত্তপ্ত রূপ নেয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে আয়োজক কমিটির লোকজন এগিয়ে গেলে ব্যাটারি গল্লি দলের কিছু সমর্থক তাদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ঘোলাটে হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে গুরুতর দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ডিবিসি/আরএসএল