সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সেবা কার্যক্রম চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে আন্দোলনে নেমেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কলেজের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে তারা শিক্ষকদের ভেতরে অবরুদ্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাসপাতাল দ্রুত চালু করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া এবং চলমান সংকট নিরসনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের ব্যবস্থা না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ পিছু হটবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তারা তাদের এসব যৌক্তিক দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রয়োজনীয় শিক্ষকের অভাব এবং হাসপাতালের সেবা কার্যক্রম চালু না থাকার কারণে তাদের শিক্ষাজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। একই কারণে মেডিকেল কলেজের স্বাভাবিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
ডিবিসি/পিআরএএন