জেলার সংবাদ

সুন্দরবনে অস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর দুই ডাকাত আটক

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৯শে নভেম্বর ২০২৫ ০৪:৫৬:৩৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে 'করিম শরীফ বাহিনী'র দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৯শে নভেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোংলা থানা এলাকার বাসিন্দা ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হাড়বাড়িয়া যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটকের পাশাপাশি তাদের হেফাজত থেকে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।


কোস্ট গার্ড পশ্চিম জোন আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। এছাড়া সরাসরি দস্যুবৃত্তির পাশাপাশি ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।


আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন