সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় মাছ ধরার সরঞ্জামসহ দুটি ট্রলার জব্দ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরেন বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেদের মধ্যে রয়েছেন পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হাওলাদার (৩২), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম (৩৫), ছোমেদ (৪৫), চাপলি গ্রামের মো. রাসেল (৩০), তালতলী থানার ইসমাইল (৩৫), পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া (৪৮) এবং বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মো. শফিকুল খান (২০)সহ মোট ২২ জন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, অভয়ারণ্য এলাকায় অনুমতি ছাড়া অবৈধভাবে মাছ আহরণ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুটি ট্রলার থেকে দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ১০ মণ শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়। একই সাথে অবৈধ অনুপ্রবেশ ও শিকারের দায়ে ২২ জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/এসএফএল