বাংলাদেশ

সুস্থ হয়ে ঈদের আগেই দেশে ফিরতে চান মির্জা আব্বাস

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মির্জা আব্বাস এখন পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।

 

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সবার সামনে উপস্থিত হয়ে দোয়া চাইবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া ও থেরাপি শেষ করেই তিনি দ্রুত স্বদেশের উদ্দেশ্যে রওনা হবেন।

 

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য তিনি প্রথমে সিঙ্গাপুর এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন