বাংলাদেশ

সেন্টমার্টিনে সাগরপথে পাচারকালে ১৫৩ জন উদ্ধার, ১৫ পাচারকারী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেন্টমার্টিন সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৫৩ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১ মার্চ) ২০২৬ ভোরে পরিচালিত এই অভিযানে মানব পাচারচক্রের ১৫ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে একটি সংঘবদ্ধ চক্র সমুদ্রপথে বিপুল সংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের জাহাজ 'কামরুজ্জামান' বিশেষ অভিযান 'অপারেশন সমুদ্র প্রহরা' পরিচালনা করে। রাত ৩টার দিকে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া করে বোটটিকে দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকা থেকে আটক করা হয়

 

আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, উন্নত জীবনের প্রলোভন এবং স্বল্প খরচে উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করেছিল পাচারকারীরা।

 

গ্রেপ্তারকৃত ১৫ জন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন