রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা প্রদর্শনীর শেষ দিনে কসমেটিকস পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানির স্বীকৃতি অর্জন করেছে রিমার্ক-হারল্যান।
শনিবার সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সার্বিক বিবেচনায় দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি এবং সেরা প্যাভিলিয়নের স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিবসহ রিমার্ক-হারল্যানের প্রতিনিধিরা।
এ সময় ফয়সাল মুনিম বলেন, কসমেটিকস শিল্পে রিমার্কের অবদান ঈর্ষণীয়। কসমেটিকায় আধুনিক উৎপাদন সক্ষমতার প্রদর্শন, ব্যতিক্রমী স্টল ডিজাইন ও পেশাদার উপস্থাপন তাঁদের বিশেষভাবে মুগ্ধ করেছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, দর্শনার্থী, ব্যবসায়ী ও উদ্যোক্তাসহ সবার কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে রিমার্ককে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ স্বীকৃতিকে বড় অর্জন হিসেবে দেখছেন রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ। তিনি বলেন, আজকের এই অর্জন শুধু রিমার্কের নয়, দেশের কসমেটিকস উৎপাদন সক্ষমতারও স্বীকৃতি। ১৬ দেশের ৫৮টি কোম্পানির মধ্যে রিমার্কের সেরা হওয়া দেশীয় উৎপাদকদের আরও উৎসাহিত করবে এবং নকল-ভেজালের ভিড়ে ভোক্তাদের জন্য অথেনটিক পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান জানান, প্রথমবারের মতো অংশ নিয়েই এমন স্বীকৃতি তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব বলেন, রিমার্ক তার পণ্য শুধু দেশের বাজারের জন্য নয়, সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এবং নতুন এই অর্জন আগামীর পথচলাকে আরও মসৃণ করবে। রিমার্কের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)। সংগঠনটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আশা প্রকাশ করেন, রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে।
প্রদর্শনীতে রিমার্কের প্যাভিলিয়ন ঘিরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি, শার্লিন ফারজানা, শবনম ফারিয়াসহ ইনফ্লুয়েন্সার ও দর্শনার্থীদের মধ্যে রিমার্কের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য নিয়ে বিশেষ আগ্রহ ছিল। খ্যাতিমান তারকারা প্যাভিলিয়ন পরিদর্শন করলে সেখানে বাড়তি আকর্ষণ তৈরি হয় এবং তাঁরা রিমার্কের পণ্যের প্রশংসা করে জনসাধারণকে অথেনটিক পণ্য কেনার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া গ্লোবাল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রমের আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের পাশাপাশি বিশ্বমানের প্যাকেজিং, প্রিন্টিং ও ইনগ্রেডিয়েন্টস সক্ষমতা তুলে ধরা হয়। রিমার্কের হেড অব প্যাকেজিং মো. আলী রেজা জানান, প্রদর্শনী চলাকালে প্রতিষ্ঠানটি প্রিন্টিং, প্যাকেজিং ও করপোরেট সেলস খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্ডার নিশ্চিত করেছে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বায়ার ও কোম্পানিগুলোও রিমার্কের উৎপাদিত পণ্য ও সক্ষমতা নিয়ে আগ্রহ দেখিয়েছে, যার মাধ্যমে নতুন ব্যবসায়িক সহযোগিতা ও বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।
গবেষণা ও উন্নয়ন, আন্তর্জাতিক মানের ফর্মুলেশন, আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদিত রিমার্কের পণ্য বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। মান নিয়ন্ত্রণের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি, বিএসটিআই হালাল সার্টিফিকেশন এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ডিবিসি/আরএসএল