অংশগ্রহণমূলক পর্যটনের নতুন ট্রেন্ড

সেশ্যেলস আইল্যান্ডে নেচার ট্রেইল চ্যালেঞ্জের তৃতীয় আসর

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশ্যেলসে সফলভাবে সম্পন্ন হলো 'নেচার ট্রেইল চ্যালেঞ্জ ২০২৬'-এর তৃতীয় আসর। শনিবার (১৬ মে) দেশটির রাজধানী মাহে আইল্যান্ডে অনুষ্ঠিত এই ইভেন্টে ১৪টি দেশের খ্যাতিমান দেড়শরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এবারের আসরে ২ ঘণ্টা ১১ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন পাকিস্তানের ওয়াকার আহমেদ নাসের, যিনি গত আসরেও চ্যাম্পিয়ন ছিলেন। তার চেয়ে ২ মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার ড্যানিয়েল ক্লাসেন। অন্যদিকে, নারীদের মধ্যে ২ ঘণ্টা ৫১ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ আফ্রিকার এমিলি জক এবং ৩ ঘণ্টা সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন রিইউনিয়ন আইল্যান্ডের সিলভেইন কিউসট।

 

সেশ্যেলস পর্যটন বিভাগের পৃষ্ঠপোষকতায় এটি প্রতিযোগিতার টানা তৃতীয় আসর। প্রতিকূলতা, বৈচিত্র্য ও শারীরিক সক্ষমতার দিক বিবেচনায় ২২ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতাটি এরই মধ্যে বিশ্বের অন্যতম দুর্গম ট্রেইল হিসেবে পরিচিতি পেয়েছে। এতে প্রতিযোগীদের সমুদ্র সৈকত, গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি ও গ্রানাইট পাহাড়ের পথে কয়েক হাজার ফুট ওঠানামা করতে হয়। বিষুবীয় অঞ্চলের প্রচণ্ড গরম ও প্রখর রোদে দীর্ঘ এই দৌড় কেবল শারীরিক সক্ষমতার চ্যালেঞ্জই নয়, বরং প্রতিযোগীদের জন্য প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ারও একটি অনন্য সুযোগ।

 

মাহে দ্বীপের পশ্চিমে পোর্ট লন এলাকার কনস্ট্যান্স ইফেলিয়া রিসোর্ট থেকে শুরু হয়ে গ্র্যান্ড আনস এলাকায় গিয়ে ট্রেইলের এই দৌড় শেষ হয়। প্রতিযোগিতা শেষে এবারের আসরের চ্যাম্পিয়নসহ বিভিন্ন শাখায় সেরা প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সেশ্যেলসের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী আমান্ডা বার্নস্টেইন।

 

তিনি জানান, আন্তর্জাতিক মানের এই ট্রেইল রানিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সেশ্যেলস আইল্যান্ড প্রকৃতি, শারীরিক সুস্থতা ও টেকসই উন্নয়নকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছে। এর মাধ্যমে শুধু মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকেই বিশ্ববাসীর কাছে তুলে ধরা হচ্ছে না, বরং আগামী দিনের ট্রেন্ড হিসেবে ক্রীড়াভিত্তিক বা অংশগ্রহণমূলক পর্যটনকেও জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।

 

উল্লেখ্য, ভারত মহাসাগরে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত সেশ্যেলস আইল্যান্ড সারা বছরই ইউরোপ ও উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে। আয়োজকরা আশাবাদী, নেচার ট্রেইল চ্যালেঞ্জ প্রতিযোগিতা দেশটির পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যুক্ত করবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন