বাংলাদেশ

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন তারেক রহমান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সরকারি সফরসূচি অনুযায়ী, কাল সোমবার বেলা ১১টায় তিনি বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই মাহেন্দ্রক্ষণ নিশ্চিত করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর এই সফরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খননসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়াটি দীর্ঘ সময়ের। উল্লেখ্য যে, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসননামলে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়েছিল। সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত করার মাধ্যমে একে সিটি করপোরেশনে রূপান্তরের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হলেও পরবর্তী সরকারগুলোর আমলে নানা প্রশাসনিক জটিলতায় তা থমকে যায়।

 

তবে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় প্রশাসনের জোরালো প্রচেষ্টায় এই দাবি বাস্তবায়নের পথে এগোয়। গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর সর্বশেষ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। সকল আইনি প্রক্রিয়া ও গণবিজ্ঞপ্তির ধাপ পেরিয়ে অবশেষে আগামীকাল বগুড়াবাসীর দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

 

ডিবিবি/টিবিএ

আরও পড়ুন