বাংলাদেশ, জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী নিয়মিত অভিযান চালাচ্ছিল পুলিশ। অভিযান চলাকালে সেখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।


এ বিষয়ে রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম জানান, ঘটনার পরপরই প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের সময় কথা কাটাকাটির জেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।


ডিএমপি জানায়, পুলিশের কোনো সদস্যের অপেশাদার আচরণের দায় বাহিনী নেবে না। এ ঘটনায় আরও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন