রাজশাহীর ঘটনা

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝির মরদেহ দেশে ফেরার পর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে শ্যামলের কফিন বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়ায় তাঁর নিজ বাড়িতে পৌঁছায়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী-সন্তান ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও।

 

এদিন বেলা ১১টায় শ্যামল উদ্দিন মাঝির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীসহ শত শত মানুষ অংশ নেন। পরে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শেষবারের মতো তাঁকে দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ।

 

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শ্যামল উদ্দিন মাঝি। সেখানে রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা কারখানায় কর্মরত ছিলেন তিনি।

 

গত ৯ আগস্ট রাতে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। নিহতদের মধ্যে বাগমারার শ্যামল উদ্দিন মাঝিও ছিলেন।

 

দীর্ঘ প্রবাসজীবন শেষে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফেরার স্বপ্ন পূরণ হলো না শ্যামলের। কফিনবন্দি হয়ে তাঁর বাড়ি ফেরার দৃশ্য স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন