সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সরকারের উদ্যোগে নয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখন যথাযথ মর্যাদায় সেগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। মরদেহ বাড়িতে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জানাজা ও দাফনের খরচ বাবদ আর্থিক সহায়তাও দেওয়া হবে।’
নিহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বৈধ ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারের আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেওয়া হবে। পরিবারগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেছেন। এ প্রক্রিয়ায় সৌদি সরকারও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছে।
এদিকে, একই অগ্নিকাণ্ডে নিহত আরও সাত বাংলাদেশির মরদেহ এখনো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হওয়ায় প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগছে।
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব বাকি সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিহত সবার পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে সরকার।
ডিবিসি/ আরএফই